ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কথা কাটাকাটির জেরে স্কুলছাত্র হত্যা, কিশোর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:২১, ৮ জুন ২০২৩
কথা কাটাকাটির জেরে স্কুলছাত্র হত্যা, কিশোর গ্রেফতার
নিহত সিমিত চন্দ্র রায়- ফাইল ফটো

কুড়িগ্রামে বাড়ির পাশের একটি গর্ত থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বেলগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিমিত চন্দ্র রায় বেলগাছা গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে। এ ঘটনায় দুর্জয় চন্দ্র অধিকারী ওরফে সঞ্জয় নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে- গ্রেফতারকৃত কিশোরের বাবা প্রদীপ চন্দ্র অধিকারী ও তার ভাই বিজয় রাজকে।

জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গীতা সংঘ অনুষ্ঠান দেখতে যায় সিমিত ও তার বড় ভাই। সিমিতকে অনুষ্ঠানস্থলে রেখে বড় ভাই বাড়ি ফিরে আসে। পরে অনুষ্ঠান থেকে ফেরার পথে সিমিতের সঙ্গে অভিযুক্ত কিশোরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিমিতকে শ্বাসরোধে হত্যা করে ঐ কিশোর। পরে একটি পরিত্যক্ত ঘরের পেছনের গর্তে লাশ পুঁতে রাখার চেষ্টা করে।

Advertisement

এদিকে অনুষ্ঠান শেষ হলেও সিমিত বাড়ি না ফিরলে স্বজনরা তার খোঁজে বের হয়। পরে সিমিতের লাশ দেখিয়ে দেন অভিযুক্ত কিশোরের বাবা প্রদীপ চন্দ্র অধিকারী। এক পর্যায়ে সিমিতকে হত্যার দায় স্বীকার করে অভিযুক্ত কিশোর। রাত ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অভিযুক্ত কিশোরকে তার স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিহত সিমিতের পরিবার জানান, অভিযুক্ত দুর্জয় চন্দ্র এর আগেও অনেক অপরাধমূলক কাজ করেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি এম আর সাঈদ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযুক্ত দুর্জয় চন্দ্র অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!