কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা মাঠে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফুটবল খেলতে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণের জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন একই উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের তারা লালবাগ এলাকার আলী আহম্মেদের ছেলে মোর্শেদ ও শাহআলমের ছেলে শাকিব।
ওসি দেবাশীষ চৌধুরী জানান, সদর দক্ষিণ উপজেলা মাঠে অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফুটবল খেলতে একটি হাইয়েস মাইক্রোতে সব খেলোয়ার চলে আসে মাঠে। এরমধ্যে দু’জন খেলোয়ার ও ১০-১২ জন উৎসাহী দর্শক অপর একটি পিকআপে করে রওয়ানা হয়। পিকআপটি চট্রগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে উল্টে যায়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিস ঘোষ জানান, দুর্ঘটনায় যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।