জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের শিশুকে কুপিয়ে জখম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুশফিকুর রহমান রাহিন নামের এক শিশুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আহত শিশুর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামে এ ঘটনা ঘটে।
মুশফিকুর রহমান রাহিন একই গ্রামের মজিবুর রহমানের ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
.png)
অভিযুক্তরা হলেন একই গ্রামের আব্দুল হাইয়ের দুই ছেলে শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম, শফিকুলের ছেলে মো. হুমায়ূন ও তার স্ত্রী আছমা আক্তার এবং রফিকুলের স্ত্রী আকলিমা আক্তার।
জানা যায়, মজিবুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার শফিকুলসহ তার ভাইদের সঙ্গে। এ অবস্থায় গত শনিবার মজিবুরের শিশু সন্তান মুশফিকুর রহমান রাহিন স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে অভিযুক্তরা শিশুটির পথ আটকে কুপিয়ে শিশুটির একটি ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন এবং বাম হাতের কবজির হাড় ও রগ কেটে দেওয়া হয়।
এ সময় শিশুটির ডাক-চিৎকারে তার বাবা মজিবুর রহমান এগিয়ে গেলে তার পিঠে এবং মাথায় কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ভুক্তভোগী মজিবুর রহমান বলেন, ওরা আমার অবুঝ ছেলেটিকে না মেরে আমাকে মারত, তাহলে আমার কোনো দুঃখ ছিল না। আমি এর বিচার চাই।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও সারা পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনায় জড়িতরা বাড়ি থেকে পালিয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে। জড়িত সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।