ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ১২ জুন ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ মামলার অপর একটি ধারায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এবং সিনিয়র দায়রা জজ আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এতে উল্লেখ করা হয়েছে যে, একটি ধারায় প্রদত্ত সাজাভোগের পর অপর সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত মিলন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হুজরাপুরের সলটেস আলীর ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ৫ আগস্ট নাচোলের ঝিকড়া গ্রামে র‌্যাবের অভিযানে দুইটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিনসহ গ্রেফতার হন মিলন। এর পরের দিন নাচোল থানায় মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার এসআই সোহেল রানা একই বছরের ৩১ আগস্ট মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!