ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবেশীকে খুন, ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ১৩ জুন ২০২৩
প্রতিবেশীকে খুন, ১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুদ

নোয়াখালীর সুধারাম থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুদকে ১৬ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, সোমবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা পালপ্যান্ট পেপারমিল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

একই দিন রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

Advertisement

গ্রেফতারকৃত মো. মাসুদ (৪৭) নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাইজদী মাস্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকটিম ও গ্রেফতারকৃত আসামি পরস্পর প্রতিবেশী। তাদের মধ্যে পূর্ব থেকে জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের মার্চ মাসে গ্রেফতারকৃত আসামিসহ এ মামলার অপর আসামিরা ভিকটিম হেঞ্জু মিয়াকে গুরুতর আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৬ দিন পর মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের পিতা চাঁদ মিয়া সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে গা-ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যান। আদালত দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি মাসুদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়।

র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!