খুলনায় কোরবানির পশুর হাট বসবে ২২ জুন
পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) জোড়াগেট কোরবানির পশুর হাট বসবে ২২ জুন থেকে।
মঙ্গলবার দুপুরে পশুর হাট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম। সভার শুরুতে কেসিসি’র নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নবনির্বাচিত কাউলিন্সর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের অভিনন্দন জানানো হয়।
সভায় নগরীর জোড়াগেট এলাকায় কেসিসি’র ব্যবস্থাপনায় আগামী ২২ জুন থেকে বিরতিহীনভাবে ঈদ উল আজহার দিন সকাল পর্যন্ত কোরবানির পশুর হাট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো. আমিনুল ইসলাম মুন্নাকে আহ্বায়ক এবং সব কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরকে সদস্য করে পশুর হাট পরিচালনা কমিটি গঠন করা হয়।
.png)
প্রশাসনের সহায়তায় কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের চিকিৎসার ব্যবস্থা রাখা, জাল টাকা শনাক্তকরণের ব্যবস্থা রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখাসহ পশুর হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মহানগরী এলাকায় অবৈধ পশুর হাট বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো. আলী আকবর টিপু ও অ্যাডভোকেট মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মো. গোলাম মওলা শানু, এসএম মোজাফ্ফর রশিদী রেজা, এমডি মাহফুজুর রহমান লিটন, মো. হাফিজুর রহমান মনি, মো. আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, কনিকা সাহা, মাহমুদা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।