চেয়ারম্যান বাবু কিলিং মিশনের নায়ক: জামালপুর এসপি
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম খুনের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে কিলিং মিশনের নায়ক বলেছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। এ ঘটনায় আরও মাস্টারমাইন্ড থাকলে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ জুন) জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় এক সাক্ষাতকারে পুলিশ সুপার এসব কথা জানান।
হত্যাকাণ্ডের কথা প্রথম কখন জানলেন এমন প্রশ্নের জবাবে এসপি নাছির বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমি জানি, সে সময় ভিডিও ফুটেজও পাই। এএসপিকে থানায় থাকতে বলে ওসিসহ পুরো টিমকে পাঠাই আসামিদের আটক করতে।
.png)
আপনি এর আগে বলেছিলেন যে, হত্যার উদ্দেশ্যে হামলা হয়নি। কেন এমন বলেছিলেন, জানতে চাইলে তিনি বলেন, প্রথমে আঘাতগুলো দেখেছি, সেটা দেখে মনে হয়েছিল। মাহমুদুল আলম বাবুর ছেলে ইট দিয়ে এমনভাবে থেঁতলে দিয়েছে, যেন বাইরে রক্তক্ষরণ হয়নি, ভেতরে রক্তক্ষরণ হয়েছে। তখন তো অবশ্যই হত্যার উদ্দেশ্যে আঘাত। মাহমুদুল আলম বাবু কিলিং মিশনের নায়ক। সেটা প্রথম থেকেই জানি।
তিনি আরো বলেন, প্রথম থেকে বাবুর নাম আমি বলেছি, তিনি প্ল্যানমেকার। প্রত্যেকটা জায়গায় বলেছি। আরও মাস্টারমাইন্ড থাকতে পারে, তারাও বের হয়ে আসবে।
এর আগে, বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি মারা যান।