মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল দুই বন্ধুর
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেক বন্ধু। রোববার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক এবং একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব। আহত আরেক সঙ্গী একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু।
জানা যায়, ওই তিন বন্ধু শনিবার সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে আসে। রাতে ফেনীতে অবস্থান করে আজ সকালের দিকে একই মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ এলাকায় ফিরছিলেন। ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথায় পৌঁছলে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। আহত মো. সজীব এবং মো. বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীবও মারা যান।
মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, ২ জনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তরুণকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে রয়েছে।