ফোনে ডেকে নিয়ে কুপিয়ে কিশোরের হাত বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় ফোন করে ডেকে নিয়ে সাইফুল বেপারী নামে এক কিশোরকে কুপিয়ে বাম হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই কিশোরকে বাঁচাতে গেলে ফয়সাল বেপারী নামে আরেক যুবককেও কুপিয়ে জখম করে তারা।
রোববার রাতে কুকরাইল এলাকার পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল ও ফয়সাল বেপারীকে ঢাকা পঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, রোববার রাতে ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে যান সাইফুল। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। পরে ছয়না এলাকার পুকুর পাড়ে সাইফুলকে হাত বিচ্ছিন্ন ও ফয়সালকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
.png)
আহত সাইফুল ইসলামের বোন ফারজানা আক্তার বলেন, সাইফুল আমার একমাত্র ভাই। আমরা গরিব মানুষ, আব্বায় আর ও কাজ করে আমাদের সংসার চালায়। আমার ভাই আর কাজ করতে পারবে না। ওরা ভাইয়ের হাত শেষ করে দিল। ও এখন কী করে খাবে আর কীভাবে চলবে? যারা আমার ভাইয়ের এই দশা করেছে, আমি তাদের বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক মো. রিয়াজ মাহমুদ বলেন, রাতে কুকরাইল থেকে দুজনকে নিয়ে আসা হয়। তাদের একজনের হাত বিচ্ছিন্ন ছিল। আরেকজনের অবস্থাও তেমন ভালো না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।