ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সাজা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১৯ জুন ২০২৩
অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সাজা
ফাইল ফটো

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় জসিম উদ্দিন নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরো দুই আসামি লোকমান ও সুমনকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। তবে আসামি জসিম পলাতক রয়েছেন।
 
রায়ের বিষয়ে নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি জসিম উদ্দিন।

দণ্ডপ্রাপ্ত জসিম সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের মৃত মনছুর আহম্মেদের ছেলে। খালাসপ্রাপ্ত লোকমান ঐ গ্রামের মৃত অজি উল্যার ছেলে ও সুমন একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। 

জানা যায়, জসিম সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম মিরন হত্যা মামলার আসামি। ২০১৯ সালের ২১ অক্টোবর সদর উপজেলার মান্দারী বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে মিরন হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালায়।

অভিযানে বটতলি গ্রামের মিজি বাড়ির দরজা এলাকার একটি নির্মাণাধীন ঘরে বালুর নিচ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক, দুটি এলজি ও বন্দুকের ২৬টি কার্তুজসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় জসিমসহ তিনজনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় অস্ত্র আইনে মামলা করেন। অপর দুই আসামি পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!