ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ২০ জুন ২০২৩
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে আব্দুল কুদ্দুস প্রামাণিক নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউপির কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস প্রামাণিক কুড়িপাড়া গ্রামের বয়েজ প্রামাণিকের ছেলে।

Advertisement

আটক তিনজন হলেন কুড়িপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী লিমা খাতুন, তার মামা আনোয়ার হোসেন ও নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম হোসেন অপর একজনের পরিচয় জানা যায় নি।

জানা যায়, কুড়িপাড়া গ্রামের বাসিন্দা বুদ্দু মিয়ার বসতবাড়ির আঙ্গিনায় মোবাইল ফোনে লুডু খেলছিল নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম ও তার বন্ধুরা। খেলায় বিজয়ী দল আনন্দ-উল্লাস শুরু করলে প্রতিবেশী মোতালেবের স্ত্রী লিমা খাতুন খেলোয়াড়দের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় সাদ্দাম ও তার বন্ধুরা প্রতিবাদ করলে মোতালেব ও তার মামাতো ভাই আব্দুল্লাহ এসে তাদেরকে বেদম মারপিট শুরু করেন। এক পর্যায়ে তাদের চিৎকারে সাদ্দামের দাদা কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে এগিয়ে আসলে মোতালেব তাকেও লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় কুদ্দুসকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও জড়িত সন্দেহে চারজনকে আটক করে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!