বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ভোটাররা বলছেন, ভোটের সুন্দর পরিবেশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর। উৎসবমুখর পরিবেশ।
নারী ভোটার আয়েশা বানু (৫৬) জানান, সুন্দর পরিবেশ। ইভিএমের নতুন পদ্ধতি খুব ভালো লাগছে তার।
.png)
একই কথা শিমলা খাতুনের (২২)। তিনি বলেন, প্রথমবার ভোট দিচ্ছি। সুন্দর পরিবেশ। সবাই সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করছেন। পছন্দের প্রার্থীকেই ভোট দেব।
রাসিক নির্বাচনে এবার মেয়র পদে চারজন, ৩০টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১১২ জন এবং ১০টি সংরক্ষিত পদে মহিলা কাউন্সিলর হিসেবে লড়ছেন ৪৬ জন প্রার্থী।
নগরীর মোট ১৫৫টি ভোটকেন্দ্রের এক হাজার ১৫৩টি কক্ষে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া জরুরি বিবেচনায় তিনটি অস্থায়ী ভোটকেন্দ্র এবং ১৬২টি অস্থায়ী ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। আর নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ছয়জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।