ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় আধা মণ দুধ দিয়ে গোসল!

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৩, ২১ জুন ২০২৩
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় আধা মণ দুধ দিয়ে গোসল!
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন মো. মিজান মোল্যা নামের এক যুবক। বুধবার বিকেলে উপজেলার বানা ইউপির রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে। মিজান রুদ্রবানা পশ্চিম পাড়া এলাকার ইলিয়াস মোল্যার ছেলে। 

জানা যায়, মো. মিজান মোল্যা আত্মীয় মুসা মোল্যার মেয়ে নূরজাহান আক্তারকে ৯ মাস আগে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়। 

স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। এর মধ্যে ২ মাস আগে স্ত্রী নূরজাহান নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। পরে স্বামী মিজান বিচ্ছেদের একটি মামলা করেন।

আদালত পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন। বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তিতে মিজান মোল্যা খুশি হন এবং আধা মণ দুধ দিয়ে গোসল করেন। 

মো. মিজান মোল্যা বলেন, বিয়ের তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। তিনি (নূরজাহান) আমার নামে মামলা করেন। মামলার একপর্যায়ে আমি নিয়ত করি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে আধা মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, নারী ও শিশু আদালত থেকে ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। দুই পক্ষই আমার এলাকার বাসিন্দা ও ঘনিষ্ঠ। সংসার শুরু পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। আজ দুপুরে উভয় পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। খোলা তালাকের কপি বৃহস্পতিবার আদালতে জমা দেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!