ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর রাগ ভাঙতেই বন্ধুকে নিয়ে বড় ভাইকে হত্যা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ২৩ জুন ২০২৩
স্ত্রীর রাগ ভাঙতেই বন্ধুকে নিয়ে বড় ভাইকে হত্যা
গ্রেফতারকৃত ইকরামুল গাজী

নড়াইলে ভ্যানচালক দেলোয়ার ওরফে দেলবার গাজীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দেলোয়ার গাজীর ছোট ভাই ইকরামুল গাজীকে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মো. ওবায়দুর রহমান। 

এর আগে, বুধবার (২১ জুন) রাতে নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের মধুরগাতি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ইকরামুল গাজী উপজেলার মধুরগাতী গ্রামের মৃত শুকুর আলী গাজীর ছেলে। 

Advertisement

পুলিশ জানায়, ইকরামুল গাজীর স্ত্রীর সঙ্গে দেলোয়ার গাজীর স্ত্রীর সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বিষয়টি ইকরামুলকে জানান তার স্ত্রী। কিন্তু ইকরামুল কোনো প্রতিকার না করে বড় ভাই দেলোয়ারকে বিষয়টি জানান। একাধিকবার জানানোর পরেও এ বিষয়ে কোনো গুরুত্ব না দেওয়ায় ইকরামুলের স্ত্রী রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। এমনকি বিষয়টি সমাধান না হলে স্বামীর বাড়ি আসবে না বলে আল্টিমেটাম দেন ইকরামুলের স্ত্রী। এজন্য ইকরামুল তার বন্ধু মিলে তার ভাই দেলোয়ার ওরফে দেলবার গাজীকে শায়েস্তা করার পরিকল্পনা করে। পরে ২৯ মে রাতে দেলোয়ারকে ইকরামুলের বন্ধু কৌশলে ডেকে নিয়ে যান।

এরপর ইকরামুল ও তার বন্ধু দেলোয়ারের ভ্যানে চড়ে আটঘরা গ্রাম থেকে নাউসোনা মহাশ্মশানগামী রাস্তা দিয়ে আসতে থাকেন। একপর্যায়ে নূর মোহাম্মদ বিশ্বাসের মৎস্য ঘেরের কাছে এলে ইকরামুল গাজীর বন্ধু তার গামছা দিয়ে দেলোয়ারের গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পার্শ্ববর্তী জেলা যশোরের অভয়নগর থানাধীন বুনোরামনগর এলাকায় তার ভ্যানটি রেখে আসামিরা পালিয়ে যান। 

নড়াইল সদর থানার ওসি মাহামুদুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে আসামি ইকরামুল গাজী হত্যার দায়  স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

প্রসঙ্গত, গত ৩০ মে সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশানের কাছ থেকে ভ্যানচালক দেলোয়ারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!