ভেড়ামারায় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি শতাধিক নারী-পুরুষ
সেবাই ধর্ম। সু-স্বাস্থ্যই সকল সুখের মূল। এ স্লোগান নিয়ে নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা দিয়ে চলেছে কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
ইসিজি, আরবিএস (ডায়াবেটিস) এবং রক্তের গ্রুপ সম্পূর্ণ ফ্রি পরীক্ষা ও চিকিৎসা সেবা পেয়ে শতাধিক নারী-পুরুষ খুশি।
শনিবার ভেড়ামারা উপজেলার হিম দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টার দিকে শুরু হয় ফ্রি চিকিৎসা সেবা। চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদগ্রাম ইউপির ইউপি সদস্য মনজুরুল আহমেদ ভুট্টো ও বিশিষ্ট সমাজসেবক আবু হানিফ।
ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাস্পে রোগী দেখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজেদুর রহমান সাজু (এমডি কার্ডিওলজি), রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. নূর ইসলাম, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. শহিদুল ইসলাম এবং ডা. মো. মমিনুল ইসলাম।
এছাড়াও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি, আরবিএস (ডায়াবেটিস) এবং রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। ফ্রি ক্যাম্পে প্রায় শতাধিক নারী পুরুষ বিভিন্ন রোগের চিকিৎসা সেবা পেয়ে চরম খুশি।
জানা গেছে ,সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন ফাউন্ডেশনের সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজেদুর রহমান সাজু (এমডি কার্ডিওলজি)।
তিনি বলেন, গ্রাম অঞ্চলের দরিদ্র লোকজন আর্থিক অনটনের কারণে রোগ বালাই নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে থাকেন। এতে অনেক সময় সঠিক চিকিৎসার অভাবে রোগী দিনে দিনে মৃত্যুর দিকে ঝুঁকিতে থাকে। তাই আমার সংগঠন স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের একটি বড় ধরণের টিম ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে নিয়োমিত ফ্রি চিকিৎসা দিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এই সেবা অব্যাহত থাকবে। যে কেউ এই সংগঠনের অনুকূলে চিকিৎসা সেবা নিতে পারবেন কোনো টাকা পয়সা দিতে হবে না।