২০ টাকা করে জমিয়ে কোরবানি দেন তারা
প্রায় সাত বছর আগে থেকে শুরু হয় একটি সমিতির যাত্রা। সমিতির প্রত্যেক সদস্যদের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা করে সংগ্রহ করা হয়। পরে সেই জামানো টাকা দিয়ে কেনা হয় কোরবানির গরু।
এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মুল সতাল গ্রামে। ওই গ্রামের ২২ হতদরিদ্র মানুষ মিলে গঠন করেছেন একটি সমিতি। উদ্দেশ্য কারো কাছে হাত পেতে নয়, নিজেদের অর্থে কোরবানি দেওয়া।
সমিতিটির সদস্যদের সবাই দিনমজুর শ্রেণির। তিনজন আবার দৃষ্টিপ্রতিবন্ধী। সভাপতি মাহতাব উদ্দিন প্রতিদিন টাকা সংগ্রহের কাজ করে থাকেন।
.png)
সমিতির সদস্যরা জানান, এ বছর ১ লাখ ৬৬ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন তারা। তবে, গরু কিনতে গিয়ে ৬ হাজার টাকার মতো কম পড়েছিল। পরে সমিতির সবাই আরো কিছু টাকা দিয়ে সেটি পরিশোধ করেছেন। প্রতিবছর গরু কেনার পরও যদি টাকা থাকে তাহলে সে টাকা কোরবানির মাংসের সঙ্গে সব সদস্যদের সমানভাবে বণ্টন করা হয়।
সমিতির শুরুতে তারা ১০ টাকা করে জমা করে কোরবানি দিলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জিনিসপত্রসহ কোরবানির পশুর দাম বেড়ে যাওয়ায় প্রতিদিন ২০ টাকা করে জমানো শুরু করেন তারা।