রোববার রাত পৌনে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা।
তিনি জানান, ১ জুলাই ইসলামপুর উপজেলার রৌহারকান্দা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীকে (৭০) লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় দুর্বৃত্তরা। নিহতের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ২ জুলাই ইসলামপুর থানায় হত্যা মামলা রুজু করেন। মামলা দায়েরের পর হতে র্যাব-১৪ ঘটনার তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামিদের অবস্থান নিশ্চিত করেন।
.png)
সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা সকাল ১১টার দিকে ইসলামপুরের উলিয়াঘাট চৌরাস্তা হতে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আরিফ মিয়া (৩০) ও ঢেঙ্গারগর এলাকা হতে বাচ্চু শেখ ওরফে বাচ্চা মিয়াকে (৫৫) গ্রেফতার করে ইসলামপুর থানায় সোর্পদ করেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নিহতের পরিবারের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের রৌহারকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ সাদেক আলী ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। ১ জুলাই দুপুর আড়াইটার দিকে বৃষ্টিতে ছাদেক আলীর বাড়ির আঙিনায় পানি জমে যায়। সেই পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী রফিকুল ইসলাম দুখু ও তার লোকজন সাদেক আলীর ওপর হামলা চালান। হামলাকারীদের পিটুনিতে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলী। পরে তার স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।