মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
নেত্রকোণার মদন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দিলীপ খাঁ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরো ১৫ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিলীপ খাঁ নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামের খোরশেদ খাঁ’র ছেলে। আহতদের মধ্যে রুবি আক্তার ও সাইদুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নায়েকপুর পশ্চিমপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র আলিম উদ্দিনের ছেলে হাসানের সঙ্গে মনসুর মিয়ার ছেলে মুসতাকিমের তর্কবিতর্ক হয়। গ্রামের মাতব্বররা সোমবার সকালে গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন। উভয়পক্ষ মেনে নিলেও বৈঠকস্থল থেকে গিয়ে একইদিন দুপুরে বাড়ির সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। ঘণ্টাব্যাপী চালা এ সংঘর্ষে দিলীপ খাঁ টেঁটাবিদ্ধ হন। পরে দিলীপ খাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।