তিনদিনে বেনাপোল দিয়ে এলো ১২৩ টন কাঁচা মরিচ
দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল দিয়ে গত তিনদিনে এসেছে আমদানি করা ১২৩ টন কাঁচা মরিচ। এখান থেকে মরিচের চালানগুলো দেশের বিভিন্ন জেলা শহরে চলে যাচ্ছে।
সবশেষ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৩৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে, রবি ও সোমবার ৪৫ টন করে ৯০ টন মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, মঙ্গলবার ভারত থেকে পাঁচটি ট্রাকে ৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছায়। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়। সীমান্তের ওপারে আরো কয়েক ট্রাক কাঁচা মরিচ প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
.png)
তিনি আরো জানান, এ বন্দর দিয়ে বেনাপোলের মেসার্স ঊষা ট্রেডিং, ঢাকার এনএস এন্টারপ্রাইজ এবং খুলনার এসএম কর্পোরেশনসহ আরো কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে।
এ বিষয়ে বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ্ জানান, জরুরি ও পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের চালানগুলো প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত খালাস করা হচ্ছে। এ জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষ।