ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২১, ২৬ জুন ২০২৩
বেনাপোলে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭) জুন থেকে শনিবার (১ জুলাই) পর্যন্ত টানা ৫ দিন ভারত থেকে এই বন্দরে আমদানি-রফতানির কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২ জুলাই (রোববার) সকাল থেকে ভারত হতে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম সচল হবে।

বন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি বুধবার ও বৃহস্পতিবার ঈদের ছুটি ও শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। আগামী ২ জুলাই সকাল থেকে পূর্বের ন্যায় এ পথে আমদানি-রফতানিসহ কাস্টমস হাউজ ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম চলবে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Advertisement

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যেন কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দিবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি বলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি নেয়া হয়েছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব বলেন, ঈদুল আজহার ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এ সময় একটু বেশি ভিড় হয়ে থাকে। সে কারণে ইমিগ্রেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!