জেলের জালে ধরা ৫ মণের শাপলাপাতা মাছ
নড়াইলের রড়দিয়া এলাকায় নবগঙ্গা নদীতে জেলেদের জালে ৫ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। শনিবার সকালে রড়দিয়া এলাকায় মাছটি ধরা পড়ে। এ সময় বিশাল আকৃতির মাছ দেখতে নবগঙ্গাপাড়ে কৌতূহলী মানুষ ভিড় করে।
সরেজমিন দেখা গেছে, সকালে মাছ ধরা পড়ার খবর শুনে নবগঙ্গা পাড়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ মানুষ মাছ দেখতে ছুটে আসেন।
স্থানীয়রা জানায়, মহাজন গ্রামের দেবু মালো ও রতণ মালোর পাইড়জালে আটকা পড়ে বিশালাকৃতির এ শাপলাপাতা মাছ। দেবু ও রতণ প্রতিদিনের মতো শুক্রবার গভীর রাতে বড়দিয়া এলাকায় নদীতে পাইড়জাল ফেলে সকালে জাল তুলতে গিয়ে বিশাল এ মাছ আটকা পড়ার বিষয় বুঝতে পারেন। এ সময় তারা জাল টেনে তুলতে চিৎকার দিলে স্থানীয়রা তাদের সাহায্যে এগিয়ে যান।
.png)
পরে ১০-১২ জন জাল টেনে তুলে ৫ মণ ওজনের শাপলাপাতা মাছ দেখতে পান। স্থানীয় এক মাছ ব্যাপারী মাছটি ৮০ হাজার টাকায় তাদের কাছ থেকে কিনে নেন। মাছটি ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন ওই ব্যাপারী। এত বড় মাছ দেখে বিস্মিত এলাকাবাসী। তারা মাছ কিনতে আগ্রহী হলেও অনেকেই ভাগে না পেয়ে নিরাশ হয়ে ফিরে যান। আবার মাছ কিনতে পেরে খুশির ঝলক ছিল অনেকের চোখেমুখে।
জেলে দেবু মালো জানান, পাঁচ-ছয় ইঞ্চি ব্যাসের ফাঁসবিশিষ্ট পাইড়জাল নদীর তলদেশে এক কুল থেকে অন্য কুলজুড়ে আড়াআড়িভাবে পেতে রেখে সাধারণত পাঙ্গাশ, বোয়ালসহ বড় বড় মাছ ধরা হয়। এ জালেই অন্তত ৫ মণ ওজনের মাছটি ধরা পড়ে। এত বড় মাছ তারা এর আগে কখনো দেখেননি। এটি ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।