ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছদ্মবেশে টিকিট কালোবাজারি ধরলেন ইউএনও-এসিল্যান্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ৯ জুলাই ২০২৩
ছদ্মবেশে টিকিট কালোবাজারি ধরলেন ইউএনও-এসিল্যান্ড
ছবি: সংগৃহীত

রোববার ভোর ৪টা। ওই সময় ছদ্মবেশে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যান সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন। টিকেট কালোবাজারি জুয়েলকে টিকেটের জন্য ফোন দেন ইউএনও। ৬০ টাকার টিকেট জুয়েল ২৫০ টাকা করে দাম চান। জুয়েল টিকেট নিয়ে রেলস্টেশনের সামনে এলে তাকে আটক করা হয়। পাশাপাশি টিকেট অব্যবস্থাপনার কাউন্টার ম্যান ফখরুলকেও আটক করা হয়। 

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনেক দিন ধরে টিকেট কালোবাজারি হয়ে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে  ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন অভিযান পরিচালনা করেন। জুয়েল নামে চিহ্নিত এক টিকেট কালোবাজারির কাছে সব সময় টিকেট পাওয়া যায়, এমন সংবাদের ভিত্তিতে ইউএনও ও এসিল্যান্ড নিজেদের পরিচয় গোপন করে টিকেটের জন্য জুয়েলকে ফোন দেন। 

ফোনে জুয়েল ইউএনওকে বলেন, যত টিকেট লাগবে সে দিতে পারবে। প্রতি ৬০ টাকার টিকেট ২৫০ টাকা করে দিতে হবে বলে জুয়েল ইউএনওকে জানান। পরে জুয়েল ইউএনওকে স্টেশন গেইটের সামনে এসে টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে বলেন। জুয়েল টিকেট নিয়ে স্টেশন গেইটের সামনে আসলে তাকে আটক করা হয়। অপর দিকে দেখা যায় তিতাস কমিউনিটি ট্রেনের কাউন্টার ম্যান ফখরুল টিকেট অব্যবস্থাপনার সাথে জড়িত। সে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার টিকেটের মূল্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মেথিকান্দা স্টেশনের হাতে লেখা টিকেট বিক্রি করার দায়ে তাকে আটক করা হয়।

Advertisement

অভিযান পরিচালনাকারী সদর ইউএনও মোহাম্মদ সেলিম শেখ জানান, অনেক দিন ধরেই ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকেট কালোবাজারি হয়ে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে ভোর চারটায় রেলস্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ টিকেট কালোবাজারি ও ১ কাউন্টার ম্যানকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক টিকেট কালোবাজারি জুয়েলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কাউন্টার ম্যান ফখরুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনকে টিকেট কারোবাজারি মুক্ত করতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, গত এপ্রিল মাসেও সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৪ টিকেট কালোবাজারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!