ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুটবল খেলায় ড্র নিয়ে সংঘর্ষ, আহত ১০  

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ১৪ জুলাই ২০২৩
ফুটবল খেলায় ড্র নিয়ে সংঘর্ষ, আহত ১০  
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা সরকারি পাইলট স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে বীর মুক্তিযোদ্ধা নূর আলম সিদ্দিকী ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলায় অংশ নেয় উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন ও সারুটিয়া ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের খেলা শেষের দিকে যখন ১-১ গোলে ড্র তখন নিত্যানন্দপুর ইউনিয়নের বিরুদ্ধে বাইরের দুজন খেলোয়াড়কে খেলানোর অভিযোগ আনে সারুটিয়া ইউনিয়ন। এ নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। 

একপর্যায়ে দুই দলের সমর্থকরা দৌড়ে মাঠে প্রবেশ করে গোলযোগের সৃষ্টি করে। পরে বসার চেয়ার নিয়েই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যায় নিত্যানন্দপুর ইউনিয়ন।

Advertisement

সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন বলেন, শেষের দিকে একের পর এক ফাউল করতে থাকে নিত্যানন্দপুর ইউনিয়নের বাইরের খেলোয়াড়রা। এ সময় আমরা অভিযোগ দেই। পরে দুই দলের সমর্থকরা মাঠে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, খেলার প্রায় শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে। আমরা দুই পক্ষকে ডেকে বাকি সময় খেলার আহ্বান জানাই। কিন্তু নিত্যানন্দপুর ইউনিয়ন আর খেলবে না বলে জানিয়ে মাঠ ত্যাগ করে। সেকারণে সারুটিয়া ইউনিয়নকে বিজয়ী ঘোষণা করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে মাঠে আরো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। তবে এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!