জানা যায়, পারুলিয়া গ্রামের সাহজাহান প্রদানের ছেলে স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান দীর্ঘদিন ধরে কয়েকটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। অন্যান্য দিনের মতো মাছের খাবার দিয়ে রাতে বাড়ি চলে যান। শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখেন পুকুরের কৈ মাছ মরে পানিতে ভেসে উঠছে।
পুকুরের মালিক কিরন আলী প্রধান জানান, অন্যান্য পুকুরের মাছ ঠিক থাকলেও ৭০ শতাংশ কৈ মাছের পুকুরটিতে দুই লাখ কৈ মাছ মারা যায়। যা বর্তমানে প্রায় দশ টনের মতো ওজন হয়েছে। মাছগুলো ১৭০ টাকা কেজি ধরে বিক্রি করে দেয়া হয়েছে। আজই মাছ নিয়ে যাওয়ার কথা। এ ঘটনায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। কীভাবে পাওনাদারের বকেয়া পরিশোধ করবো তা ভেবে পাচ্ছি না। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবি করেন তিনি।
.png)
খবর পেয়ে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল আলম পুকুর পরিদর্শন করেন। তিনি জানান, পুকুরের পানি সংগ্রহ করা হয়েছে। তা ঢাকায় পাঠানোর পর পরীক্ষা শেষে বলা যাবে কি কারণে মাছ মারা গেছে। তবে পুকুরের মালিক বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ করেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।