ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন মা-বাবা পেল রাস্তায় জন্ম নেয়া সেই শিশু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৫, ১৭ জুলাই ২০২৩
নতুন মা-বাবা পেল রাস্তায় জন্ম নেয়া সেই শিশু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাস্তার ধারে মানসিক প্রতিবন্ধী নারীর জন্ম দেওয়া সেই নবজাতক পেল নতুন বাবা। নিঃসন্তান দম্পতি লাল মাহামুদ ও রিয়া মাহামুদ টাঙ্গাইল জেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে ওই শিশুটিকে দত্তক নেন।

রোববার (১৬ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে ওই দম্পতির কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ওই দম্পতি পরম যত্নে শিশুটিকে কোলে তুলে নেন।

টাঙ্গাইল জেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে দত্তক নিয়ে মা-বাবার দায়িত্ব নেন তারা। শিশু দত্তক নেয়া দম্পতির বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামে। জেলা প্রশাসকের শর্ত অনুযায়ী এই দম্পতি শিশুটির নামে একটি ব্যাংকে ১০ লাখ টাকার এফডিআর করা হয়েছে।

Advertisement

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহ্ আলমসহ অন্যান্যরা। 

জানা যায়, গত ৫ জুলাই সকাল ৬টার দিকে মির্জাপুর উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তার পাশে ছনের ভেতর এক মানসিক ভারসাম্যহীন নারী প্রসব ব্যথায় ছটফট করছিল। ছনের ভেতর কাউকে গড়াগড়ি করতে দেখে এগিয়ে যান কুমারজানী গ্রামের মজিরন বেগমসহ তিন নারী। মজিরন বেগম মানসিক ভারসাম্যহীন ওই নারীর কাছে গিয়ে দাইয়ের কাজটি করেন। কিছুক্ষণ পর ওই নারীটি একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এরপর মানসিক ভারসাম্যহীন ওই নারী শিশুকে দূরে সরিয়ে দিলে প্রাথমিক পরিচর্যা শেষে মজিরন বেগম শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের অফিসে নিয়ে যান। পরে পুলিশের সহায়তায় ওই নারীকে খুঁজে বের করে তাকেসহ শিশুটিকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। 

শিশুটিকে পেয়ে বাবা লাল মাহামুদ বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পারি মির্জাপুরে এক পাগলী রাস্তায় একটি সন্তান প্রসব করেছে। আমরা শিশুটিকে দত্তক নিতে জেলা প্রশাসকের নিকট আবেদন করি। আজ আমরা শিশুটিকে আনুষ্ঠানিকভাবে পেলাম।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, শিশুটিকে দত্তক নিতে ২৮টি পরিবার আবেদন করে ছিলেন। পরে আমরা যাচাই-বাছাই করে একটি নিঃসন্তান সক্ষম দম্পতিকে নির্বাচন করি এবং এই দম্পতি আমাদের দেওয়া সব শর্ত পূরণ করেছে। শিশুটি ওই দম্পতির কাছে ভালো থাকবে বলে আশা করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!