বাবা হত্যার ৩৩ বছর পর জামিন চাইতে এসে কারাগারে ছেলে
ফেনীতে নিজ বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জসিম উদ্দিন নামের এক ছেলেকে। ঘটনার ৩৩ বছর পর বুধবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই ছেলে ফেনী জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরানের আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ১৯৮৯ সালের ১৮ জুন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউপির মরুয়ার চর গ্রামের খায়েজ আহাম্মদের ঘরে হানা দেয় দুর্বৃত্তরা। এ সময়ে দুর্বৃত্তের দারালো অস্ত্রের আঘাতে খায়েজ আহাম্মদ গুরুত্বর জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় জসিম উদ্দিনসহ ৪ জনকে আসামি করে তার সৎ মা৷ মামলার পর জসিম উদ্দিন আত্মগোপনে চলে যায়। পরে ১৯৯১ সালের ২ নভেম্বর এ মামলায় আদালত জসিম উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন। দীর্ঘদিন প্রবাস জীবনে পলাতক থাকার পর বুধবার জসিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাকে জেৱ হাজতে পাঠানোর নির্দেশ দেন৷
আসামি পক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম ভূঞা সেলিম জানান, জসিম উদ্দিন তার বাবার হত্যার ঘটনায় জড়িত ছিলেন না। কিন্তু তার সৎ মা তাকে এ মামলায় জড়িয়ে জীবন শেষ করে দিয়েছে। আমরা তার সাজার বিরুদ্ধে আপিল করবো। নিশ্চয়ই তিনি এ মামলায় খালাস পাবেন।
.png)