মাল্টা ফেলে স্বর্ণের চেইন লুটে নিতেন তারা
অটোরিকশায় যাত্রী সেজে বসতেন চারজনের একটি দল। সামনে চালক ও তার পাশে দু’জন। আর পেছনে আরো একজন। টার্গেট গলায় স্বর্ণের চেইন ও কানে দুল পড়া নারীরা। গাড়িতে এমন নারীদের যেকোনো স্থানে যাবে বলে উঠিয়ে নিতেন। হঠাৎ রিকশা থেকে ফেলে দিতেন হাতে থাকা মাল্টা। পরে ঐ যাত্রীকে বলতেন মাল্টা উঠাতে। মাল্টা উঠাতে গেলেই টান দিয়ে নিয়ে নিতেন স্বর্ণের চেইন বা কানের দুল।
এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে চক্রের ৬ সদস্যকে গ্রেফতারের পর। শনিবার রাতে কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রাম এলাকার ভাউয়াল বাড়ির পাশ থেকে সিএনজিচালিত অটোরিকশাসহ ঐ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাসেল, সেলিনা আক্তার ওরফে শিল্পি, লিটন মিয়া, সুমন, মারুফ ওরফে আশিক ও সুমাইয়া ওরফে শিউলি। গ্রেফতারকৃত আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
.png)
রোববার এসব তথ্য নিশ্চিত করে বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারের পর তাদের বরাতে এসব তথ্য বেরিয়ে আসে। শুধু স্বর্ণের চেইন বা কানের দুল নয়। তারা যে সময় যেই সুযোগ পেতেন তাই নিয়ে নিতেন।
এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা, ৬ পিস মাল্টা ও বিভিন্ন ধরনের চেতনানাশক দ্রব্য উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।