ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত, তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২২, ৩০ জুলাই ২০২৩
টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত, তদন্ত কমিটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীতে দেয়াল চাপায় তিন নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নিহতদের প্রত্যেকের দাফন-কাফনের জন্য ২৫ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে।

নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল, একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনুমিয়ার ছেলে সবুজ। আহতদের মধ্যে নয়ন ও মাহতাব নামে দুই শ্রমিক টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

শনিবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

Advertisement

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকাল থেকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় জিনু মার্কেট এলাকায় সোনারগাঁও রোডে সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করছিলেন ৩০ জন নির্মাণ শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালীন সময়ে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তাদের অভিযোগ সিটি কর্পোরেশনের ঠিকাদার নূর কর্পোরেশনের সত্ত্বাধিকারী মো. আমিনুল ইসলাম শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা না করেই নির্মাণ কাজ করছিলেন। ফলে মর্মান্তিক এ দুর্ঘটনায় ৩টি প্রাণ ঝড়ে গেলো। তারা এ ঘটনার সঠিক তদন্ত করে এর ন্যায় বিচার দাবি করেন। 

টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহারিয়া লুনা বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ৪জনকে আহত অবস্থায় আনা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জৈষ্ঠ্য কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, দেয়াল ধসে পড়ার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযানে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। 

ওসি আশরাফুল ইসলাম আরো বলেন, এ ঘটনায় নিহত ও আহত স্বজনদের লিখিত আবেদনের প্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!