ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে শিশু শয়ন হত্যার রহস্য উদঘাটন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৩১ জুলাই ২০২৩
নড়াইলে শিশু শয়ন হত্যার রহস্য উদঘাটন
গ্রেফতারকৃত রাজু

নড়াইল সদর উপজেলায় শয়ন শেখ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামি চায়ের দোকানদার রাজু শেখকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকেলে পুলিশের দেওয়া তথ্যমতে, নিধিখোলা গ্রামের অটোরিকশা চালক নাজমুল শেখের ছেলে শয়ন মাঝে মধ্যে অটোরিকশা চালাতো। আসামি রাজু মোল্যার নিধিখোলা স্কুলের পাশে চায়ের দোকান রয়েছে। চা দোকানি রাজু নিহত শয়নের কাছে ছয় থেকে সাতশ টাকা পেতেন। গত ১৯ জুলাই রাত ৮টার দিকে শয়ন রাজুর দোকান থেকে এক প্যাকেট চানাচুর নিয়ে দৌড় দেয়। রাজুও শয়নকে ধরতে পিছু পিছু দৌড়ে যান। পাশের স্কুলের কাছে গিয়ে রাজুর স্যান্ডেল স্লিপ করলে শয়নকে নিয়ে পড়ে যান। এতে শয়নের মাথা স্কুলের সিঁড়িতে লাগে। এ সময় শয়নের মাথা থেকে রক্তক্ষরণ হওয়ায় ভয় পেয়ে যান চা দোকানি রাজু।

এরপর শয়নকে কাঁধে নিয়ে জনৈক রুহুল মাস্টারের মেহগনি বাগানে নিয়ে যান রাজু। শয়নকে বসানোর চেষ্টা করে ব্যর্থ হন। পাশের ক্ষেত থেকে পাট এনে তার উপর শয়নকে শুইয়ে রেখে জ্ঞান ফেরার অপেক্ষায় থাকেন। ধীরে ধীরে শয়নের হাত-পা শীতল হয়ে যায়। এ সময় রাজু দোকানে এসে সিগারেট নিয়ে পুনরায় শয়নের কাছে যায়। আসামি রাজু চিন্তা করে শয়ন বেঁচে থাকলে আঘাত করার ঘটনা নিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হবে। এমন চিন্তা থেকে রাজু শয়নের কাছে থাকা গামছা দিয়ে তার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। শ্বাসরোধের সময় শয়ন নড়াচড়া করলে শয়নের মুখে আঘাত করেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে ডান পা দিয়ে রাজু শয়নের বুকে চাপ দেন।

Advertisement

নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান জানান, শিশু শয়ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম গুরুত্বের সঙ্গে কাজ শুরু করে। রোববার হত্যাকাণ্ডে জড়িত আসামি রাজু মোল্যাকে নড়াইল চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী স্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় জবানবন্দিতে শয়নকে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেন রাজু।

গত ২০ জুলাই নিধিখোলা গ্রামের একটি পাট ক্ষেত সংলগ্ন বাগান থেকে শয়ন শেখের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় ২১ জুলাই শিশুর পিতা নাজমুল শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নড়াইল শিশু
লিংক সফলভাবে কপি হয়েছে!