ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেরিন ড্রাইভ সড়কে চলছে বাঁধ নির্মাণ

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১৫:৪৯, ৬ আগস্ট ২০২৩
মেরিন ড্রাইভ সড়কে চলছে বাঁধ নির্মাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকার মেরিন ড্রাইভ সড়কের ভাঙন রোধে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা কাজ করছেন। গত কয়েকদিনের জোয়ারের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে ভাঙছে ঐ সড়কটি।

বৃহস্পতি ও শুক্রবার এই দু’দিনে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের তিনটি এলাকায় দুই কিলোমিটারের বেশি ক্ষতিগ্রস্ত সড়কের আটটি ফাঁটল বড় আকার ধারণ করে। ভেঙে যাওয়া প্রায় এক হাজার মিটার সড়কে দেওয়া হচ্ছে জিওব্যাগের বালুর বাঁধ।

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জোয়ারের ঢেউয়ের আঘাতে সড়কে নতুন করে ভাঙন সৃষ্টি না হলেও আগের ভাঙা এলাকাগুলো বড় আকার ধারণ করেছে। মেরিন ড্রাইভ সড়কের মুন্ডার ডেইল অংশে দুই স্তরের জিও ব্যাগের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়েছে। তবে সেখানে এখন বড় বড় ঢেউ এসে জিওব্যাগের ওপর আছড়ে পড়ছে। জোয়ার থাকার কারণে সংস্কারকাজ বন্ধ রয়েছে। জোয়ারের আঘাতে বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ঝাউগাছ উপড়ে গেছে।

Advertisement

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পরিদর্শনে আসেন টেকনাফ ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী এবং সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস।

স্থানীয় ইউপি সদস্য সেলিম বলেন, নতুন করে ভাঙন দেখা যায়নি। দ্রুত জিওব্যাগ দিয়ে ভাঙা এলাকা মেরামত শুরু হওয়ায় কিছুটা হলেও মানুষ রক্ষা পেয়েছে। তবে সাবরাং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি জনবসতি রক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণ জরুরি। তা না হলে যেকোনো সময় জোয়ারের আঘাতে সড়কটি বিলীন হয়ে যেতে পারে।

ইউএনও কামরুজ্জামান বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে মেরিন ড্রাইভের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা কাজ করছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!