১০ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশনে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলওয়ের উদ্ধারকারী দল। এর পর রাত ১২টার দিকে চলাচল শুরু হয় ট্রেন। এর আগে, রোববার দুপুর ২টার দিকে সরারচর স্টেশন এলাকায় ‘পয়েন্ট পরিবর্তন’ করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এদিকে উদ্ধার কাজ বিলম্ব হওয়ায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহ অভিমুখে বিজয় এক্সপ্রেস আটকে পড়ে ভৈরব জংশনে। ফলে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম অভিমুখে ‘বিজয় এক্সপ্রেস’ ও ঢাকাগামী ‘এগারসিন্দুর এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সোমবার সকালে যথাসময়ে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে ‘এগারসিন্দুর এক্সপ্রেস।’
.png)
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে পৌঁছায়। মালামাল নামিয়ে ৮টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। সাড়ে ৩ ঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে বগি উদ্ধার করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ভায়া ভৈরব এবং ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।