ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম মহানগরীর সব মাদরাসা বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৮, ৮ আগস্ট ২০২৩
চট্টগ্রাম মহানগরীর সব মাদরাসা বন্ধ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগরীর সব মাদরাসা বন্ধের ঘোষণা দিয়েছে মাদরাসা অধিদফতর। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব মাদরাসার পাঠদান বন্ধ থাকবে। মাদরাসার গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে বলা হয়েছে।

এর আগে দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে চট্টগ্রাম মহানগরীর সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়।

Advertisement

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্লাস-পরীক্ষাও আগামী তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টানা বৃষ্টিতে ক্যাম্পাস এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচলে বিঘ্ন ঘটছে। শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদেরও আসতে অসুবিধা হচ্ছে। এজন্য উপাচার্য মহোদয় জরুরি মিটিংয়ে আগামী ৩ দিন, ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ তিনদিন অফিস খোলা থাকবে।

টানা কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রবল বৃষ্টি হচ্ছে। রোববার সেখানে রেকর্ড ৩শ মিলিমিটার বৃষ্টি হয়। এতে নগরের বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যাচ্ছে এবং বহু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!