টাঙ্গাইলে ডেঙ্গুতে প্রাণ গেল ২ গৃহবধূর
টাঙ্গাইলে ডেঙ্গুতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকালে জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
টাঙ্গাইলের সিভিল ডা. সার্জন মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতরা হলেন- দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার ও একই উপজেলার দেলুয়াখাদি গ্রামের রেজিয়া বেগম।
জানা গেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারা মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় মোট চারজন মৃত্যুবরণ করেছেন।
.png)
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৩ জন, নাগরপুরে ছয়জন, সখীপুরে তিনজন, মির্জাপুরে আটজন, মধুপুরে দুইজন, গোপালপুরে তিনজন এবং ধনবাড়ী উপজেলায় সাতজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন মিনহাজ উদ্দিন জানান, এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট চারজন মৃত্যুবরণ করলেন। আক্রান্ত রোগীর সংখ্যা মোট এক হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪১ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৫ জন রোগী।