চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
রোববার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাড়াইল গ্রামের লোকমান মিয়ার ছেলে আব্বাস উদ্দিন এবং একই জেলার পাহাড়িয়া কান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে জব্বার মিয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ জুন রাতে মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকার শিপলু নামে এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার পরের দিন তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে পুলিশ নাজমুল হোসেন মুন্না নামে এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আব্বাস ও জব্বারকে ব্রাহ্মণবাড়িয়ার রামপুর উপজেলার পাহাড়িয়া কান্দি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে, মুন্নাকে আগেই গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
.png)
সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির পর বিক্রি করে আসছিলেন। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।