বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। পরে পুলিশি পাহারায় তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম রংপুর নগরীর মুন্সিপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে।
.png)
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর রংপুর নগরীর মুন্সিপাড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে জুয়ার আসরে টাকা ভাগাভাগি নিয়ে আব্দুর রহিমের সঙ্গে একই এলাকার মনোয়ারুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুর রহিম মনোয়ারুলকে কুপিয়ে হত্যার পর লাশ রেখে পালিয়ে যান।
এ ঘটনায় পরদিন নিহত মনোয়ারুল ইসলামের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আব্দুর রহিমসহ ৩/৪ জন আসামি করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আব্দুর রহিমকে গ্রেফতার করে। এরপর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
তদন্ত শেষে আসামি আব্দুর রহিমের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক আসামি আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, সন্দেহাতীতভাবে আসামি আব্দুর রহিমের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরীর জানান, তার মক্কেল ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।