অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-দই তৈরি, জরিমানা ৪ লাখ
ময়মনসিংহ শহরে প্রতিদিন বিপুল সংখ্যক মিষ্টি ও দই বিক্রি করে মিষ্টি কানন ও ঢাকা মিষ্টি মুখ নামের দুটি প্রতিষ্ঠান। গুণগত মান ভালো বলে প্রচার করায় জনপ্রিয়তার তুঙ্গে প্রতিষ্ঠান দুটি। অথচ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েছে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি করার চিত্র। ফলে ওই দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর মাসকান্দা বিসিক শিল্প নগরীতে প্রতিষ্ঠান দুটি কারখানায় অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, অভিযানে প্রতিষ্ঠান দুটির কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও দই তৈরি করার প্রমাণ মিলেছে। এ ছাড়া কারখানায় কাজ করা কর্মচারীদের স্বাস্থ্য সনদ নেই। তাদের হাত পরীক্ষা করে অতিরিক্ত মাত্রায় ব্যাকটেরিয়ার সোয়াব পাওয়া গেছে। কারখানায় মিষ্টি ও দই তৈরির পাশেই কর্মচারীরা শুয়ে থাকে। ফলে মিষ্টি কাননকে ৩ লাখ টাকা ও ঢাকা মিষ্টি মুখ নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে কারখানার পরিবেশ ভালো না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
অভিযানে জেলার নিরাপদ খাদ্য অফিসার মির্জা শাহরান হোসাইন, সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।