গরুর খামারে মিলল রাখালের লাশ
ঝালকাঠির নলছিটিতে গরুর খামার থেকে আবুল হোসেন (৪৮) নামে এক রাখালের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে খামারের গরুর গোবরের বস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার দক্ষিণ বানিয়ারী এলাকার আজিজ ফকিরের ছেলে। আবুল হোসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকায় রফিকুল ইসলাম জুয়েল নামে এক ব্যবসায়ীর গরুর খামারে কাজ করতেন।
খামার মালিক রফিকুল ইসলাম জুয়েল জানান, চার বছর ধরে আবুল হোসেন তার খামারে কাজ করছেন। রোববার সকাল থেকে আবুল হোসেন খামারে প্রতিদিনের মতো কাজ শুরু করেন। দুপুর ১২টার দিকে অনেকক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি গরুর খামারে যান। এ সময় আবুল হোসেনকে খামারের ভেতরে রাখা গোবরের বস্তার ওপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। আবুল হোসেনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, কী কারণে ঐ ব্যক্তি মারা গেছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।