ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ডাক্তারের নামের প্যাড ব্যবহারে রোগী দেখছিলেন আরেক ডাক্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১ সেপ্টেম্বর ২০২৩
এক ডাক্তারের নামের প্যাড ব্যবহারে রোগী দেখছিলেন আরেক ডাক্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ডাক্তারের নামের প্যাড ব্যবহার করে ভিন্ন ভিন্ন ডাক্তারকে রোগী দেখানোর অপরাধে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করে বিজয়নগর ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজয়নগর ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ডা. সুব্রত সাহার নামে প্রচার-প্রচারণা ও মাইকিং বিজ্ঞপ্তি প্রতি সপ্তাহেই চালানো হয়। কিন্তু ডা. সুব্রত সাহার নাম ব্যবহার করে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ডাক্তার দিয়ে রোগী দেখানো হয় পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানে দেখা যায়, ডা. সুব্রত সাহার নামে তৈরিকৃত প্যাডে একেক দিন একেক ডাক্তার নিজ পরিচয় গোপন রেখে পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছেন। ডা. সুব্রত সাহা সর্বশেষ ১৮ আগস্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। কিন্তু অভিযান পরিচালনাকালে দেখা যায়; ডাক্তার সুব্রত সাহার প্যাড ব্যবহার করে ২৫ আগস্ট ও শুক্রবার অন্য দুইজন ডাক্তার রোগী দেখছেন।

তিনি আরো জানান, অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারে ২৫ আগস্ট ডা. সুব্রত সাহার নামে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন এমন একজন রোগী জানান, আজ উপস্থিত ডাক্তার গত সপ্তাহে ছিলেন না। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ রোগীকে জানান, তিনিই ডা. সুব্রত সাহা। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য আমি রোগী সেজে ডা. সুব্রত সাহাকে মোবাইলে কল দিলে তিনি জানান, তিনি সর্বশেষ ১৮ আগস্টের পর আর বিজয়নগর উপজেলায় রোগী দেখেননি।

ইউএনও আরো জানান, ডা. সুব্রত সাহার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অন্যায় করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. খুরশিদ আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে সর্তকও করা হয়। এছাড়াও ডা. সুব্রত সাহার প্যাডে উপস্থিত ডা. তপন দেবনাথ নিজ ভুল স্বীকার করেন। ডা. তপন দেবনাথ আর কখনো এমন ভুল করবেন না ও বিজয়নগরে রোগী দেখবেন না বলে মুচলেকা প্রদান করেন।

অভিযান পরিচালনাকালে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম, স্যানিটারি ইন্সপেক্টর ও বিজয়নগর থানা পুলিশ উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!