একনেকে উঠছে ১৫ নতুন-সংশোধিত প্রকল্প
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। স্বাস্থ্য, কৃষি, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের এসব প্রকল্পের মধ্যে রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, নদীভাঙন রোধ, বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন এবং বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি ২০২৬-২৭ অর্থবছরের এ সভায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের প্রকল্পগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
.png)
অনুমোদনের তালিকায় স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—‘হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং থ্রু এমএনসিএইচ সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড এনসিডিস কন্ট্রোল’, ‘ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেইনস্ট টিবি, এইচআইভি/এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ’ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের চতুর্থবার মেয়াদ বৃদ্ধি।
এ ছাড়া আর্থিক খাতের ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উন্নয়ন ও সম্প্রসারণের প্রকল্প রয়েছে।
কৃষি ও পানিসম্পদ খাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ছোট কুমার ও ধামাই নদী অববাহিকার সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেঘনা এলাকার সুরক্ষায় প্রকল্প রাখা হয়েছে।
এ ছাড়া ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, পাঁচটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপনের প্রকল্প রয়েছে।
স্থানীয় সরকার খাতে রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প রয়েছে।
ভৌত অবকাঠামো খাতে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায় এবং যশোর, সৈয়দপুর ও রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেস অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণের প্রকল্প রাখা হয়েছে। পাশাপাশি র্যাবের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও রয়েছে।
শিল্প ও শক্তি খাতে কক্সবাজারের পেকুয়া এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প রয়েছে।
একনেকের সভায় প্রকল্পগুলো উপস্থাপনের পর সংশ্লিষ্ট খাত ও প্রকল্পের প্রয়োজনীয়তা, ব্যয় এবং বাস্তবায়ন পরিকল্পনা বিবেচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।