ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বরিশালে একদিনে মিলল নারীসহ ৩ জনের মরদেহ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে একদিনে মিলল নারীসহ ৩ জনের মরদেহ
ফাইল ছবি

বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ হাওলাদার (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ১২টার দিকে বানারীপাড়া পৌর শহরের রায়েরহাটে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইউসুফ হাওলাদার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের দক্ষিণ শাখারিয়া গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে। তিনি স্থানীয় টাইলস মিস্ত্রি জাকির হোসেনের সহকারী ছিলেন।

সহকর্মীরা জানান, কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন ইউসুফ। ঘটনার সময় পানির মটর পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউসুফের মৃত্যুর বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

অপরদিকে, অজ্ঞাতনামা নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে বরিশাল আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সোমবার ভোরে উপজেলার পয়সারহাট এলাকার পূর্ব পাশে মহাসড়কের ওপর পরে থাকা অজ্ঞাত (৫০) নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর শরীরে জখমের দাগ রয়েছে।

ওসি আরো জানান, একইদিন সকালে দক্ষিণ সেরাল গ্রাম থেকে স্থানীয় সিরাজ মৃধার ধানক্ষেত থেকে ওই গ্রামের সেকান্দার ভূইয়ার ছেলে নান্নু ভূইয়ার (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, সিরাজ মৃধা ইঁদুরের কবল থেকে তার ধানক্ষেত বাঁচাতে নিজ জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রোববার রাতে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নান্নু ভূঁইয়ার মৃত্যু হয়। উভয়ের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!