জেলের জালে ১৭ কেজির পাঙাশ, সাড়ে ২৫ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলে জামাল হালদার জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি এক হাজার ৫শ’ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫শ’ টাকায় বিক্রি হয়েছে।
জামাল হালদার বলেন, সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলি। বেলা ১১টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই বড় একটি পাঙাশ মাছ দেখতে পাই। পরে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাটে অবস্থিত আনু খাঁ’র আড়ত ঘরে। এ সময় উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
.png)
ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, বড় মাছ পাওয়ার খবর পেয়ে দুপুর ১২টার দিকে খাঁ’র আড়ত ঘরে যাই। পরে ১৭ কেজি ওজনের পাঙাশ মাছটি নিলামে এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই।
পরে চান্দু মোল্লা মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৫শ’ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৫শ’ টাকায় বিক্রি করেন।