ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বর সাজা হলো না জুয়েলের, বিয়েবাড়ি রূপ নিল বিষাদে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৩
বর সাজা হলো না জুয়েলের, বিয়েবাড়ি রূপ নিল বিষাদে
ফাইল ফটো

শুক্রবার তার বিয়ে। এসেছেন স্বজন ও অতিথিরাও। বাড়িতে সবধরনের প্রস্তুতিও প্রায় শেষ। বর সাজার আগে চুল-দাড়ি কাটাতে বাজারে গিয়েছিলেন জুয়েল। ফেরার পথেই সড়কে নিথর হন তিনি। বিয়ে বাড়ির আনন্দ নিমেষেই রূপ নেয় বিষাদে।

এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলায়। নিহত জুয়েল রানা (২৪) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর বান্দা বটতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, জুয়েল বৃহস্পতিবার দুপুরে চুল-দাড়ি কাটাতে বিনোদপুর বাজারে যান। সেখান থেকে বিকেল ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বাঘা-চারঘাট মহাসড়কের বিনোদপুর সাজির বটতলা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

জুয়েল রানার বাবা গোলাম মোস্তফা বলেন, আগামীকাল শুক্রবার একই উপজেলার মীরগঞ্জ গ্রামের এক তরুণীর সঙ্গে জুয়েলের বিয়ের দিন ঠিক ছিল। বাড়িতে সবধরনের প্রস্তুতিও প্রায় শেষ। বিনোদপুর বাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে তার মৃত্যু হয়েছে।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!