চুরি যাওয়া স্বর্ণ খুঁজতে গিয়ে বেরিয়ে এলো নকল ওষুধের কারখানা
ডাবলু হোসেন নাটোরের সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লার বাসিন্দা। সম্প্রতি তার বাড়ি থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরি হয়। চুরির ঘটনায় একই এলাকার বিউটি বেগমকে সন্দেহ হয় তার। থানায় অভিযোগ দেওয়ার জন্য বিউটির সঠিক নাম, ঠিকানা সংগ্রহ করতে গিয়ে ভাড়া বাসা যান তিনি। পরে সেই ভাড়া বাসায় ওষুধের নকল কারখানার সন্ধান পান ডাবলু হোসেন।
এই খবরটি একপর্যায়ে প্রশাসন জানতে পারে। শনিবার দুপুরে ঐ বাড়িতে যান সিংড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও সিংড়া থানার পুলিশ সদস্যরা। ঘটনাস্থলে এসে মাছের খাদ্য, ওষুধ ও নকল কৃষি কীটনাশক তৈরির সত্যতা পান তারা।
পরে কারখানার অনুমতি না থাকায় ও ভেজাল পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিউটিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
.png)
দণ্ডিত নকল কারখানার মালিক বিউটি বেগম নাটোর শহরের কান্দিভিটা এলাকার ইদ্রিশ আলীর স্ত্রী।
বিউটি বেগম পুলিশকে জানান, তারা স্বামী-স্ত্রী সিংড়ার চাঁদপুর মহল্লায় ভাড়া বাড়িতে গত ৯ মাস ধরে এ কারখানা পরিচালনা করে আসছেন। এর আগে রাজশাহীতে ৩ বছর নকল কারখানা পরিচালনা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, বিউটিকে মাছের খাদ্য, ওষুধ ও কৃষি কীটনাশক নকল প্রসাধনীতে তৈরি ও কারখানার অনুমতি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জেল-জরিমানা করা হয়।