নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে নাইমুর রহমান নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আাদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মরদেহ গুম করায় তাকে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
.png)
দণ্ডপ্রাপ্ত নাইমুর রহমান বরগুনা জেলার লতাবাড়িয়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে। তিনি ভুক্তভোগী শিশুর পার্শ্ববর্তী বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব বলেন, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর নাইমুর রহমান ছয় বছরের শিশুকে আইসক্রিম ও চকলেট কিনে দেওয়ার কথা বলে ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ রায় দেন।
তিনি আরো বলেন, আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন, শিশুকে ধর্ষণের পর হত্যা করেছেন তিনি। মামলার বাদীপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।