ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১ অক্টোবর ২০২৩
নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

১১ বছরের শিশু তাইয়েবা। মা থাকেন বিদেশে। বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছেন ঢাকায়। ছোট থেকেই নানির কাছে থাকেন শিশু তাইয়েবা। তাই বাবা-মা না থাকায় মনে কষ্ট নিয়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায় বরিশালে। সেখানে একটি বাসায় কাজ শুরু করে ওই শিশু। নিখোঁজ শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নলছিটি থানা পুলিশ। শনিবার রাতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান। শিশু তাইয়েবা আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রেমহার গ্রামের আক্তার হোসেন খানের মেয়ে।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে তাইয়েবা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই শিশুর নানি গত ২৭ সেপ্টেম্বর নলছিটি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে বরিশাল আলেকান্দার কালুশাহ সড়কের একটি বাসা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। 

Advertisement

নলছিটি থানার এসআই এনামুল হাসান বলেন, শিশুটি আক্ষেপ নিয়ে বাড়ি থেকে বরিশালে চলে যায়। পরে সেখানের একটি বাসায় গিয়ে কাজ শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল থেকে শিশুটি উদ্ধার করেছি।

শিশুটির নানি নুরজাহান বেগম বলেন, আমার নাতনি তাইয়েবা ৯ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ নলছিটি থানা পুলিশের মাধ্যমে খুঁজে পেলাম। পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, নিখোঁজ ডায়েরির চার দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার নানির কাছে হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!