ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্তাল সাগরে হ্যাচ ফেটে অর্ধেক ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ১ অক্টোবর ২০২৩
উত্তাল সাগরে হ্যাচ ফেটে অর্ধেক ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিক উদ্ধার
ছবি: সংগৃহীত

উত্তাল বঙ্গোপসাগরে ৭৫০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে লাইটার জাহাজ ‘এমভি হুমাইরা’র হ্যাচ ফেটে অর্ধেক ডুবে যায়। খবর পেয়ে জাহাজটির ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘এমভি হুমাইরা’ শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা করে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সাগর পাড়ি দিতে থাকে। এক পর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভেতর পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি নিয়ন্ত্রণহীন উত্তাল সাগরে ভাসতে থাকে।

Advertisement

লেফটেন্যান্ট কমান্ডার মুনিফ তকি জানান, এক পর্যায়ে বিকল হওয়া লাইটার জাহাজটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙর করে এবং নাবিকরা মোবাইলে প্রশাসনের কাছে সহায়তা চায়। খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহলে নিয়োজিত জাহাজ ‘বিসিজিএস সবুজ বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তৎক্ষণাৎ উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান চালানো হয়। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে অর্ধ-ডুবন্ত অবস্থায় লাইটার জাহাজের ১৩ জন নাবিককে গভীর সাগর থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

উদ্ধার হওয়া নাবিকদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে নিয়ে জাহাজের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান কোস্ট গার্ড সদর দফতরের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!