ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেষজ ওষুধের গ্রাম দরগারচালা-ঢালেশ্বর

আব্দুর রউফ রুবেল, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ২২:০০, ১ অক্টোবর ২০২৩
ভেষজ ওষুধের গ্রাম দরগারচালা-ঢালেশ্বর
ছবি: ডেইলি বাংলাদেশ

কেউ নিম পাতা শুকাচ্ছেন, কেউ বিন্নার শিকড় উল্টাচ্ছেন আবার কেউবা শুকানো শেষে ত্রিপল দিয়ে ঢেকে দিচ্ছেন সজনে পাতা। এমনই দৃশ্যের দেখা মেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা এবং ঢালেশ্বর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই। আশির দশক থেকে ভেষজ ওষুধের প্রক্রিয়া শুরু হয় এসব গ্রামে।

দীর্ঘদিন ধরে এখানকার কয়েকশ পরিবার ভেষজ গাছের ছাল-বাকল ও পাতা শুকিয়ে প্রক্রিয়াজাতের পর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। অনেকে নিজেদের বাবা-দাদার পেশা হিসাবে করছেন এই কাজ। আশপাশের মানুষের কাছে এ দুই গ্রাম পরিচিতি পেয়েছে ভেষজ ওষুধের গ্রাম হিসেবে।

সরেজমিন দরগারচালা এবং ঢালেশ্বর গ্রামে দেখা যায়, সজনে, নিম, তুলসী, আমলকী, হরিতকী, অর্জুনগাছের ছাল-বাকল ও পাতা রাস্তার পাশে কিংবা বাড়ির আঙিনায় শুকাতে দিয়েছেন। কিছুক্ষণ পর পর বাড়ির গৃহিণী এবং শ্রমিকরা এসে তা উল্টে-পাল্টে দিচ্ছেন। কেউ কাণ্ড থেকে পাতা ছাড়ানোর কাজ করছেন আবার কেউ শুকনো পাতা বস্তায় ভরে বাড়িতে নিচ্ছেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এগুলো কিনে আনেন বাড়ির পুরুষরা। এরপর শুকানোর দায়িত্ব নারীদের। এই দুই গ্রামের অনেক পরিবার এ কাজের সঙ্গে জড়িত।

Advertisement

ছবি: ডেইলি বাংলাদেশ

ভেষজ গুণসম্পন্ন কাঁচামাল ব্যবসার সঙ্গে জড়িত নিজাম উদ্দীন জানান, প্রায় ৩৫ বছর ধরে তিনি এ ব্যবসায় জড়িত। বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভেষজ উদ্ভিদ কিনে এনে এর ছাল-বাকল ও পাতা ছাঁটাই করা হয়। এরপর তা রোদে শুকিয়ে বিক্রি করেন। বাজারে এগুলোর ভালো চাহিদা আছে বলেও জানান তিনি।

এ ব্যবসার সঙ্গে জড়িত সুমন মিয়া বলেন, এ ব্যবসার সঙ্গে আমার পরিবার ৪০ বছর ধরে জড়িত। এ এলাকায় সর্বপ্রথম আমার পরিবার এ ব্যবসায় শুরু করে। বর্তমানে এ ব্যবসার পরিধি অনেক বেড়েছে। এখন অনেক পরিবার এ ব্যবসার সঙ্গে জড়িত। 

গৃহবধূ সালমা বেগম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নভাবে আমরা ভেষজ উদ্ভিদ গুলোকে শুকিয়ে রাখি। এরপর ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকি। এতে ভালো আয় হয়।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ভেষজ উদ্ভিদ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। শ্রীপুর উপজেলায় পতিত জমিতে ভেষজ উদ্ভিদ রোপণের জন্য কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা ভেষজ উদ্ভিদ রোপণের মানুষদের উদ্বুদ্ধ করি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ওষুধ গ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!