ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃষ্টির রেকর্ড, ছাতার কারিগরের দোকানে ভিড়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ৪ অক্টোবর ২০২৩
বৃষ্টির রেকর্ড, ছাতার কারিগরের দোকানে ভিড়
ছবি: ডেইলি বাংলাদেশ

গত দু’দিন ধরে দক্ষিণ উপকূলীয় এলাকা পটুয়াখালীর কলাপাড়ায় অতি বৃষ্টির কবলে পড়ে এক প্রকার ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ। এমন বৈরি আবহাওয়ায় দারুণভাবে ব্যাহত হচ্ছে সাধারণ জীবন যাত্রা। 

বুধবার সকাল থেকে লাগাতার ভারি বর্ষণে বন্ধ রয়েছে পণ্য ক্রয় বিক্রয়ের অনেক দোকান। প্রকার ভেদে কিছু দোকান খুললেও তা ছিল অনেকটাই ক্রেতা শূন্য। আর জরুরি প্রয়োজনীয় কাজে ছাতা হাতে বাহির হলেও দ্রুতই গা সামলে অর্ধভেজা শরীর নিয়ে ঘরে ফিরছেন সিংহভাগ মানুষ। তবে এমন বৃষ্টির দিনেও ভিড় চোখে পড়ছে ছাতার কারিগর কাজী মিলনের ভ্রাম্যমাণ দোকানে। 

যতনে ছাতা মেরামত করে দেওয়ার পেশায় নিযুক্ত রয়েছেন তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে। কিন্তু চলতি বছরে এই বৃষ্টির ঝড়ায় হঠাৎই ত্রুটিযুক্ত ছাতা নিয়ে তার অস্থায়ী দোকানে ভিড় জমিয়েছেন ভুক্তভোগী মানুষ। মূলত অতি বৃষ্টির কবল থেকে নিজে এবং পরিবারের সদস্যের সুরক্ষায় ভাঙা ছাতা মেরামত করছেন ক্রেতারা। আর এতে বেশ উপার্জন বেড়েছে মিলনের। 

Advertisement

বুধবার বিকেলে ঝুম বৃষ্টির মধ্যেই পৌর শহরের নতুন বাজার এলাকায় দ্যাখা মেলে এই কারিগরের। চার পাশে অপেক্ষমাণ ক্রেতাদের মাঝে বসেই ছাতায় প্রাণ ফিরিয়ে দিচ্ছেন তিনি। 

কাজী মিলন জানান, দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে এই পেশায় নির্ভরশীল হয়ে জীবীকা নির্বাহ করছেন। গত ৬ বছর কলাপাড়া পৌর শহরে ছাতা মেরামতের কাজ করছেন তিনি। তবে সম্প্রতি বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় অন্য দিনের চেয়ে ক্রেতা সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এদিন সকাল থেকে অন্তত ২৬ টি ছাতা মেরামত করেছেন বললেন এই শ্রমজীবী। 

তার ভাষ্যমতে অতি বৃষ্টি সবার জন্য সমস্যা নয়, কিছু মানুষের বাড়তি রোজগারের সুযোগও করে দেয়। 

ছাতা মেরামত করতে আসা বন্দর ব্যবসায়ী আল-আমিন জানান, বৃষ্টি না থাকায় ছাতার তেমন প্রয়োজন ছিল না। কিন্তু দু'দিনের বৈরী আবহাওয়ায় পথ চলতে ছাতার বিকল্প নেই। তাই ঘরে থাকা একটা ছাতা মেরামত করে নিচ্ছি। নতুন ছাতা কিনতে হলে শ’কয়েক টাকা লাগবে। কিন্তু এখন ৫০ টাকায় সুরক্ষা ব্যবস্থা হয়ে গেল। 

এদিকে বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কলাপাড়া আবহাওয়া অফিস। এছাড়া পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া বার্তায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!