ময়মনসিংহে ট্রাক-ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৫
ময়মনসিংহে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত আচার্য বলেন, একটি ট্রাক নগরীর কেওয়াটখালী রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর এসে নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাগামী যাত্রীবাহী একটি ট্রেন কাছাকাছি আসলে ট্রাকের চালক দ্রুত সরে পড়ে। তবে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মধ্যবয়সী পুরুষ নিহত হন। এতে আহত হয় আরো পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
.png)

তিনি বলেন, নিহত ব্যক্তি ট্রেনের সামনে বসে ছিল বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ১৩ বছরের এক শিশুসহ হাসপাতালে পাঁচজন ভর্তি রয়েছে। এদের মধ্যে চারজন গুরুতর আহত। সবাইকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।