ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় কারাগারে ছেলে 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ১৪ অক্টোবর ২০২৩
বাবার অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় কারাগারে ছেলে 
গ্রেফতারকৃতরা। ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমার উপজেলায় বাবার করা অটোরিকশার ব্যাটারি চুরির মামলায় ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ঘটনায় আরো একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে,  ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দিঘোলটারী এলাকার মামলার বাদী ছবদের আলীর ছেলে শাহিনুর ও ফরেস্ট নদীয়াপাড়া এলাকার মমিজ উদ্দিনের ছেলে জুয়েল।

জানা গেছে, গত ৭ অক্টোবর ছবদের আলীর অটোরিকশা চুরি হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের সামনে অটোরিকশাটি পাওয়া গেলেও এর চারটি ব্যাটারির হদিস মেলেনি। এ ঘটনায় গত ৯ অক্টোবর ছবদের আলী অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। পরে সন্দেহভাজন হিসেবে শাহিনুরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি বাবার অটোরিকশার ব্যাটারি চুরি করেছেন বলে স্বীকার করেন। পরে শাহিনুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে জুয়েলকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে চুরি হওয়া চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।

Advertisement

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, অটোরিকশার ব্যাটারি চুরি মামলায় বাদীর ছেলেকে সন্দেহ হয়। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সহযোগী জুয়েলকে সঙ্গে নিয়ে অটোরিকশার ব্যাটারি চুরি করেছেন। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!